২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তফাপত্র ফিরিয়ে নিয়ে ছুটিতে বুয়েট শিক্ষক লুৎফুল

উপাচার্যের অপসারণের দাবিতে জমা দেওয়া পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে তিন মাসের ছুটির আবেদন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 09:41 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের অপসারণের দাবিতে জমা দেওয়া পদত্যাগপত্র ফিরিয়ে নিয়ে তিন মাসের ছুটির আবেদন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির। তবে উপাচার্যের অপসারণের দাবি থেকে সরে আসেননি বলেও জানিয়েছেন এই শিক্ষক। রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং শিক্ষার্থীরা আমাকে বুয়েট না ছাড়তে অনুরোধ করেছেন। এ জন্য আমি পদত্যগপত্র প্রত্যাহার করেছি।” “তবে আমি তিন মাসের ছুটিতে যাচ্ছি। এর মধ্যে উপাচার্য অপসারিত না হলে আমি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব”, বলেন লুৎফুল। বাংলাদেশে প্রথমবারের মত চালু হওয়া ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) অন্যতম উদ্ভাবক বুয়েটের তথ্য ও যোগযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক পদ থেকে গত মাসে লুৎফুল কবিরকে সরিয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার ওই পদে নতুন নিয়োগ দেয়ার পর লুৎফুল কবির শনিবার জানান, উপাচার্য এস এম নজরুল ইসলামের অপসারণের দাবিতে তিনি চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। “আমি আমার নীতির অবস্থান থেকে এ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে পদত্যাগ করছি ও আমার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ করছি”, বলা হয় তার পদত্যাগপত্রে। উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুয়েটের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মামলা প্রত্যাহার ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের বিষয়ে মন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরতে রাজি হন শিক্ষকরা। পরে শিক্ষার্থীদের সঙ্গেও বৈঠক করে তাদের আশ্বস্ত করেন নাহিদ। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, আশ্বাস পূরণ হয়েছে দেখলেই তারা ক্লসে ফিরবেন। এর আগে উপাচার্য ও উপ-উপাচার্যের কক্ষে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগ এনে গত রোববার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করে বুয়েট কর্তৃপক্ষ। অধ্যাপক লুৎফুল কবিরকেও ওই মামলার আসামি করা হয়। শিক্ষামন্ত্রীর নির্দেশনায় পরে মামলাটি প্রত্যাহারের আবেদন করেছে বুয়েট কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৫৩৫ ঘ.