২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতি কর্মসূচিতে অনড় বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের অনুরোধের পরও রোববার থেকে কাস্টমসে কর্মবিরতি পালনের ঘোষণায় অনড় সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের অনুরোধের পরও রোববার থেকে কাস্টমসে কর্মবিরতি পালনের ঘোষণায় অনড় সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দ। শনিবার সকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টস নেতাদের বৈঠক হয়। এতে তাদের চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়। সিঅ্যান্ডএফ এজেন্টরা গত বুধবার থেকে কথিত অনিয়ম ও হয়রানি বন্ধসহ ছয়দফা দাবিতে সমাবেশ-মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসব দাবিতে তারা রোববার থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। শনিবারের সভায় উপস্থিত চট্টগ্রাম-১০ আসনের সরকারদলীয় সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ সিঅ্যান্ডএফ এজেন্টস নেতৃবৃন্দকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি স্থগিত রাখতে অনুরোধ করেন। লতিফ ছাড়াও বিজিএমইএ, বিকিএমইএ’সহ বিভিন্ন বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারাও কর্মসূচি আপাতত স্থগিত রাখার পরামর্শ দেন। তবে বৈঠক শেষে সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দ কর্মবিরতি পালনের ব্যাপারে তাদের অনড় অবস্থানের কথা জানান। এ প্রসঙ্গে চিটাগাং সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত থেকে এখনো পিছু হটিনি। কাস্টমস হাউজে দুনীর্তি, হয়রানি-অনিয়ম বন্ধের দাবিতে আমাদের আন্দোলন চলবে।” তিনি বলেন, বন্দর ব্যবহারকারীদের সভায় কর্মবিরতি পালনের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হলেও পূর্বঘোষিত এই কর্মসূচি রোববার তা পালন করা হবে। এ প্রসঙ্গে সাংসদ এম এ লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্দরের সচলতা এবং বন্দর ব্যবহারকারীদের স্বার্থে তাদের অনুরোধ করেছি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখতে। “এ সময়ের মধ্যে কাস্টমস-বন্দরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সিঅ্যান্ডএফ এজেন্টদের দাবি পূরণের বিষয়টি দেখা হবে।” সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের কর্মবিরতির কর্মসূচি থেকে সরে আসবে বলেও মনে করেন সাংসদ লতিফ। সভায় বিজিএমইএ পরিচালক এ এম চৌধুরী সেলিম বলেন, কর্মবিরতি কর্মসূচি পুনর্বিবেচনা করে দেখা উচিত। এই কর্মসূচির কারণে রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক আশিক ভূঁইয়া, বন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি হাবিবুল হক প্রমুখ। গত বছরের নভেম্বর থেকে কাস্টম হাউসের কমিশনারসহ নতুন প্রশাসন শুল্ক ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু করে। গত ১০ মাসে ৫৮৮ টি অনিয়মের ঘটনা উদঘাটন করে এই প্রশাসন। এই খাত থেকে জরিমানাসহ রাজস্ব আদায় হয় প্রায় ৭৯ কোটি টাকা। অথচ এর আগে একই সময়ে ২৭৫ টি অনিয়মের ঘটনা থেকে রাজস্ব আদায় হয় ৩৬ কোটি টাকা। কঠোর জরিমানা থেকে বাদ যাননি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতারাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১০০ ঘ.