বাগেরহাট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব সুন্দরবনে শনিবার র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ১২টি আগ্নেয়াস্ত্র ও ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বাগেরহাটের শরণখোরা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকার ছাপড়ার খালে দুপুরে বনদস্যু মোর্ত্তজা বাহিনী ও র্যাব-৮ এর মধ্যে প্রায় আধঘণ্টা এই বন্দুকযুদ্ধ হয় বলে র্যাব জানিয়েছে।
নিহতদের সবাই বনদস্যু মোর্ত্তজা বাহিনীর সদস্য বলে দাবি করলেও র্যাব তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধের পর একটি রকেট লঞ্চার, একটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি একনলা বিদেশি বন্দুক, সাতটি বিদেশি এলজি, একটি বিদেশী পিস্তল, একটি এয়ারগান, একটি ম্যাগজিন, ৩৩ রাউন্ড বিভিন্ন গুলি, ২২টি গুলির খোসা, গুলি রাখার তিনটি বান্ডেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, বেলা ১২টার দিকে র্যাবের দলটি ছাপড়ার খালে সন্দেহভাজন একটি নৌকাকে থামতে বললে নৌকায় থাকা দস্যুরা তাদের প্রতি গুলি ছুড়ে বনে ঢুকে যায়।
এরপর বেলা ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত র্যাবের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধে উভয়পক্ষ কয়েক শত রাউন্ড গুলি বিনিময় করে।
এরপর দস্যুরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’টি মৃতদেহ এবং আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বাগেরহাটের পুরিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম র্যাবের বরাত দিয়ে বলেন, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত র্যাব-৮ এর একটি দলের সঙ্গে বনদস্যু মোর্ত্তজা বাহিনীর বন্দুকযুদ্ধ হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, র্যাবের সঙ্গে বনদস্যুর বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন বলে তিনি জেনেছেন। তবে বনকর্মীরা ওই অভিযানে ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.
bdnews24