ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে হিউম্যান হলারচাপায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হিউম্যান হলারটিতে আগুন ধরিয়ে দেয় হয় বলে জানায় পুলিশ।
নিহত চালকের নাম মোখলেসুর রহমান (৪৫)।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে চৌধুরীপাড়ায় সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি হিউম্যান হলার পিছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন।
“আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা চালককে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
আহতরা হলেন- নরসিংদীর রায়পুরার সাবেক এসি (ল্যান্ড) কামরুজ্জামান, তার স্ত্রী মনোহরদীর এসি (ল্যান্ড) আনু আক্তার পান্না এবং তাদের ছেলে আইনান (৫)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়।
এসআই জানান, দুর্ঘটনার পর পরই বিক্ষুদ্ধ জনতা বন্ধু পরিবহনের ওই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দুর্ঘটনাস্থলে পৌঁছার আগেই গাড়িটি পুড়ে যায়।
এদিকে এসি (ল্যান্ড) আনু আক্তার পান্নার ভাই সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স¤প্রতি কামরুজ্জামান ও পান্না বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে পড়াশোনা করতে যান। ১৮ অগাস্ট তারা দেশে আসেন।
শুক্রবার সাভারের ফ্যান্টাসি কিংডমে ২৪তম বিএসএস ক্যাডার কর্মকর্তাদের একটি পুনর্মিলনী অনুষ্টানে যোগদান শেষে তারা অটোরিকশায় করে কমলাপুরে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাইদুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/এইচএ/০০৩৩ ঘ.
bdnews24