খাগড়াছড়ি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রভাত কার্বারী পাড়ায় শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরো একজন।
নিহতরা হলেন- সন্তু বিকাশ চাকমা (৩৫), গীতা রাণী চাকমা (৩৮) ও কালা মিলা চাকমা (৫৫)।
গুরুতর আহত অবস্থায় গীতা রাণী চাকমা’র স্বামী প্রকাশ জ্যোতি চাকমাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, নিহতদের লাশ উদ্ধার করে তাদের সৎকারের জন্য তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে।
দীঘিনালা থানার ওসি (তদন্ত) ইস্রাফিল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা সদর থেকে ঘটনাস্থল প্রায় ৩০ কিলোমিটার দূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাতে পুলিশ সাহায্য করে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জীব ত্রিপুরা জানান, প্রকাশ জ্যোতি চাকমার অবস্থা এখন শংকামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০০১ ঘ.
bdnews24