কক্সবাজার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বেইলি সেতু ধসে পড়ায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সঙ্গে জেলা সদর ও আশপাশের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকালে একটি পাথর বোঝাই ট্রাক মগনামা-বানিয়ারছড়া সড়কের কাটাফাঁড়ি সেতুর ওপর উঠলে তা ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পেকুয়া উপজেলা চেয়ারম্যান শেফায়েত আজিজ চৌধুরী রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতু ধসে যাওয়ায় পেকুয়ার সঙ্গে চকরিয়া, কক্সবাজারসহ আশপাশের অন্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সেতুর পাশে একটি সাঁকো তৈরি করে বিকল্প পারাপারের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।
তবে কবে নাগাদ সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে তা বলতে পারেননি উপজেলা চেয়ারম্যান।
ঘটনাস্থল পরিদর্শনের পর কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, প্রায় দশ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল। সেতুটির পাশে আরেকটি কংক্রিটের সেতুর কাজ শুরু হয়েছিল। ঠিকাদার সে কাজ সম্পন্ন না করে চলে যায়।
এখন নতুন করে আবার দরপত্র আহ্বান করতে হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১১ ঘ.
bdnews24