২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগামী জুনের মধ্যে ৫৪ জেলায় ডিজিটালাইজড ভূমি অফিস’

আগামী জুনের মধ্যে দেশের ৫৪ জেলায় ভূমি অফিস ডিজিটালাইজড হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুনের মধ্যে দেশের ৫৪ জেলায় ভূমি অফিস ডিজিটালাইজড হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে ভূমি জরিপের প্রাচীন ও জটিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল জরিপ প্রর্বতনের জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সর্বশেষ জরিপে প্রণীত মৌজা ম্যাপ ও খতিয়ান এবং মিউটেশন খতিয়ানের ভিত্তিতে দেশের সাতটি জেলায় ৪৫টি উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি (ডিএলএমএস) প্রবর্তন করা ও জনগণকে ভূমি তথ্য দিতে ২০টি উপজেলায় ভূমি তথ্য সেবা কেন্দ্র স্থাপনে এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রজেক্ট (কম্পোনেন্ট-বি) হাতে নেওয়া হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ কার্যক্রমের (২০১০-২০১৫) আওতায় পর্যায়ক্রমে সারাদেশে ডিজিটাল পদ্ধতি চালুর লক্ষ্যে ভূমি জরিপ, রেকর্ড প্রণয়ন ও সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়- জুলাই ২০১১ থেকে জুন ২০১৩) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি আরো জানান, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ‘স্ট্রেংদেনিং এক্সেস টু ল্যান্ড অ্যান্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেনস অব বাংলাদেশ’ শীর্ষক পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। একটি পাইলট কর্মসূচির আওতায় ঢাকার সাভারের পাঁচটি মৌজার ডিজিটাল জরিপ সম্পন্ন করা হয়েছে, যা আপিল শুনানির পর্যায়ে রয়েছে। এছাড়া নরসিংদীর পলাশে ৪৮টি মৌজার ডিজিটাল জরিপ কার্যক্রম শুরু হয়েছে। ভূমিমন্ত্রী জানান, ভূমি রেকর্ড ডিজিটাইজেশন কার্যক্রমের অধীনে ২০০৯-১০ অর্থবছরে ঢাকা মহানগর জরিপে ১৯১টি মৌজার ৪ লাখ ৪১ হাজার ৫০৬টি খতিয়ান এবং ৪ হাজার ৮০৯টি মৌজা ম্যাপ শিট ডিজিটাইজেশনের কাজ শেষ করে তা ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে (িি.িফমষৎং.মড়া.নফ) দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২১৫২ ঘ.