কুমিল্লা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত পথচারী জয়নাল আবেদিন (৬০) বুড়িচং উপজেলার মইনপুর গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় নিহত অন্য জন ওই কাভার্ড ভ্যানের চালকের সহকারী (২৫)। তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কাশেম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২১১১ ঘ.
bdnews24