শেরপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারপিট ও চুরির মামলায় আট বছরের এক শিশুকে আসমি করার ঘটনায় শেরপুরের ঝিনাইগাতী থানার ওসিকে কারণ দর্শাতে বলেছে আদালত।
শেরপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. হাবিবুর রহমান এ কারণ দর্শাতে বলেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।
ঝিনাইগাতী উপজেলার বালিয়াচণ্ডি গ্রামের নবিউল হকের ছেলে ও চতুর্থ শ্রেণীর ছাত্র আব্দুল হাকিম বুধবার এই আদালত থেকে জামিন নেন। এ সময় আদালত কারণ দর্শানোর ওই আদেশ দেয়।
বিকালে শেরপুর জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসপি বলেন, “মামলায় হাকিম কীভাবে আসামি হল তা জানতে চেয়ে আদালত ঝিনাইগাতী থানার ওসির কাছে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছে। পাঁচ দিনের মধ্যে এর জবাব দিতে বলেছে আদালত।”
এছাড়া মারপিট ও চুরির ওই মামলা তদন্ত করেও আগামী তিন দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান এসপি।
এ সময় আট বছরের শিশু হাকিমকে এ মামলার আসামি করায় পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন পুলিশ সুপার আনিসুর রহমান।
তিনি বলেন, “বিষয়টি অনাকাঙ্খিত। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য জেলার সব থানায় নির্দেশনা পাঠানো হয়েছে।”
এ সময় সহকারী পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার, শেরপুর সদর থানার ওসি আকরাম হোসন এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ২ সেপ্টেম্বর বালিয়াচণ্ডি গ্রামের রবিউল ইসলাম ঝিনাইগাতী থানায় মারপিট ও চুরির অভিযোগে হাকিম (৮) এবং তার বাবা নবিউল হক (৪০) ও মা রোবেয়া বেগমকে (৩৫) আসামি করে এ মামলা করেন। মামলা করার সময় হাকিমের বয়স দেখানো হয় ২০ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২০৪৭ ঘ.
bdnews24