গাইবান্ধা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনের কামরার দরজায় দাঁড়িয়ে বক্তব্য দেয়ার সময় ট্রেন থেকে পড়ে যেতে বসেছিলেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
লালমনি এক্সপ্রেস ট্রেনে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরছিলেন ওবায়দুল কাদের। বেলা ১২টা ২০মিনিটে ট্রেনটি গাইবান্ধা পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দেয়া হয়। এ সময় মন্ত্রীর কাছে রংপুর ও লালমনি এক্সপ্রেস ট্রেনের বগি ও আসন বৃদ্ধিসহ নানা দাবি তুলে ধরেন তারা।
যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের তখন ট্রেনের কামরার দরজায় দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেয়া শুরু করেন। এক পর্যায়ে চালক হটাৎ ট্রেনটি চালু করলে স্টেশনের প্লাটফর্মে পড়ে যাওয়ার উপক্রম হন বক্তব্যরত কাদের। এ সময় উপস্থিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা কাদেরকে রক্ষা করেন।
এ বিষয়ে গাইবান্ধা রেল স্টেশনের মাস্টার আব্দুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুল সিগনালে চালক হুইসেল না বাজিয়ে হঠাৎ ট্রেন ছেড়ে দেয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২০২২ ঘ.
bdnews24