২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ১৮ ঘন্টা পর বাসায় ফিরলো স্কুলছাত্র

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্রের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ১৮ ঘন্টা পর আবার বাসায় ফিরে এসেছে। তবে তার নিখোঁজ হওয়ার রহস্যের জট এখনো খোলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্রের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ১৮ ঘন্টা পর আবার বাসায় ফিরে এসেছে। তবে তার নিখোঁজ হওয়ার রহস্যের জট এখনো খোলেনি। ফারহান ইকবাল শাহিন (১৩) নামের ওই ছাত্র গে-ারিয়ার বাসা থেকে প্রাইভেট কারে করে প্রতি দিনের মতো বুধবার বেলা ১১টার দিকে কাকরাইলে তার স্কুলে যায়। বিকালে স্কুল ছুটির সময় প্রাইভেট কারের চালক গাড়ি নিয়ে স্কুলের সামনে অপেক্ষা করেও তাকে না পেয়ে বাসায় ফিরে শাহিনকে না পাওয়ার কথা জানালে তার পরিবারের সদস্যরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে শহিন একা একা বাসায় ফিরে আসলে পরিবারের সবার মাঝে স্বস্তি ফিরে আসে। তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহিনের হঠাৎ নিখোঁজ হওয়া ও পরে আবার বাসায় ফেরার ঘটনায় তাদের গাড়ি চালক মজিবর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনা জানার পর স্কুলে খোঁজ নিয়ে দেখা গেছে শাহিন বুধবার স্কুলে যায়নি। স্কুল কর্তৃপক্ষ তাদের বলেছে, শাহিন সম্প্রতি শেষ হওয়া পরীক্ষায় ৫টি বিষয়ে ফেল করেছে। ওসি আরো বলেন, এই ভয়ে সে স্কুলে যায়নি, নাকি অন্য কোনো কারণে সে নিখোঁজ ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। শহিনের ফুপা ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার নিখোঁজ হওয়ার খবর জানার পর সারারাত ধরে তারা বিভিন্ন স্থানে শাহিনের খোঁজ করেন। তিনি আরো বলেন, ভোর বেলা গাবতলি থাকার সময় বাসা থেকে ফোনে খবর আসে যে, শাহিন ফিরেছে। তবে লাপাত্তা হয়ে কোথায় ছিলো সে ব্যাপারে কিছুই বলেনি সে। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তার কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত শোনা হবে বলে জানান ফুপা ফারুক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৯৪৭ ঘ.