সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মৎস্যচাষীদের দুই পক্ষের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত আফজাল হোসেন (৪২) তাড়াশের উলিপুর গ্রামের ফজলার রহমানের ছেলে।
বৃহস্পতিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, উলিপুর বড়দিঘীর সুফলভাগী মৎস্যচাষীদের নিয়ে কমিটি গঠনের জন্য বুধবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে একটি সভা হয়। এ সময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। তাতে আফজালসহ অন্তত ১৫ জন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আফজালের মৃত্যুতে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/১৯৪৫ ঘ.
bdnews24