ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের টাকায় প্রায় নয় কিলোমিটার দীর্ঘ আজিমপুর-গাবতলী ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্ষমতাসীন দলের সাংসদ আসলামুল হক, যার বিরুদ্ধে একটি কলেজের জমি দখলের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় আসলামুলের মালিকানাধীন মাইশা গ্রুপের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।
যাত্রাবাড়ি-গুলিস্তান-পলাশী পর্যন্ত মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
নিজের প্রস্তাবে আসলামুল হক বলেন, “বর্তমান সরকারের মেয়াদে আগামী দেড় বছরের মধ্যে আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত প্রস্তাবিত এই ফ্লাইওভার নির্মাণ শেষ করা হবে। এতে পরবর্তী সরকারের মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না।”
জবাবে সৈয়দ আশরাফ তাকে চূড়ান্ত প্রস্তাব দিতে বলেন।
আসলামুল হক ঢাকা-১৪ (মিরপুর-গাবতলী) এলাকার সংসদ সদস্য। তার বিরুদ্ধে সরকারি বাঙলা কলেজের জমি দখলের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অবশ্য তিনি বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।
সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোমিনুল হক সাংবাদিকদের বলেন, “সাংসদ আসলাম তার মালিকানাধীন মাইশা গ্রুপের পক্ষ থেকে ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব দিয়েছেন। এতে তিনি নিজস্ব অর্থেই পুরো প্রকল্প বাস্তবায়ন করবেন, কোনো ব্যাংক ঋণ নেবেন না বলে মন্ত্রীকে জানিয়েছেন।”
সভায় যাত্রাবাড়ী-পলাশী মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ।
তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হলে আগামী ২৬ মার্চ হানিফ ফ্লাইওভার জনসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের উদ্বোধন করবেন।
অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোজাম্মেল হক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই প্রশাসক জিল্লার রহমান ও শাহাজাহান মোল্লা, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৯৪০ ঘ.
bdnews24