রংপুর/ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া রেল জংশনের কর্মকর্তা-কর্মচারীদের ‘ভাল হওয়ার জন্য’ এক মাস সময় দিলেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে কাউনিয়া জংশন ও লালমনিরহাট রেল স্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী কর্মীদের উদ্দেশে বলেন, “সিন্ডিকেট গঠন করে অনেক টাকা কামিয়েছেন। এখন যাত্রীদের সেবা করেন।”
অনিয়মের অভিযোগে কাদের লালমনিরহাটের তিন কর্মকর্তাকে বদলির নিদেশ দেন এবং স্টেশন দুটির সব বুকিং সহকারীকে কর্মস্থল অদলবদল করতে বলেন।
কাউনিয়ায় রেলকর্মীদের তিনি বলেন, “ভালো হয়ে যাও, আগামী এক মাসের মধ্যে ভালো না হলে ব্যবস্থা নেব।”
“আমি যতদিন দায়িত্বে আছি ততদিন অবৈধ পথে আর টাকা কামানোর চেষ্টা করবেন না”, হুঁশিয়ার করেন তিনি।
পরে তিস্তা সেতু পরিদর্শনে গিয়ে যোগযোগ মন্ত্রী সাংবাদিকদের জানান, বৃহত্তর রংপুরের মানুষের কাছে বহু প্রত্যাশিত তিস্তা সেতু আগামী ২০ সেপ্টেম্বর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, রংপুরের বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন আহমেদ, রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা ও জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ১২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৮ শ’ মিটার দীর্ঘ এ সেতু চালু হলে রংপুরের সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।
ওবায়দুল কাদের বলেন, “আমি পত্রিকার পাতায় শিরোনাম হতে চাই না। কাজ করতে চাই। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে কখনও কখনও কঠিন হতে হয়। এ জন্য অনেক কর্মকর্তা-কর্মচারী আমার প্রতি রুষ্ঠ হয়েছেন।”
মন্ত্রী লালমনিরহাট রেল স্টেশন পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগে রেলের লালমনিরহাটের বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী খলিলুর রহমানকে কারণ-দর্শানোর নোটিশ ও তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন।
এছাড়া লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ভূ-সম্পত্তি কর্মকর্তা আবু সাঈদ ও বিভাগীয় প্রকৌশলী আসাদুল হককে সৈয়দপুর ও পার্বতীপুরে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কাউনিয়া ও লালমনিরহাট স্টেশনের বুকিং সহকারীদের অদল বদল করার নির্দেশ দেন কাদের।
রেলের লালমনিরহাট ডিভিশনের বেহাত হওয়া সম্পত্তি চিহ্নিত ও উদ্ধারের নির্দেশের পাশাপাশি প্রশাসন ও রেল কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটিও করে দেন মন্ত্রী। আগামী এক মাসের মধ্যে লালমনিরহাটে রেলওয়ের বেহাত সম্পত্তি চিহ্নিত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফেরদৌস আলমসহ রেলওয়ে এবং প্রশাসনের কর্মকর্তারা লালমনিরহাটে মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এমএইচপি/জেকে/১৩০৯ ঘ.
bdnews24