বরিশাল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় সাক্ষ্য দিতে আদালতের ডাকে সাড়া না দেওয়ায় জাতীয় সংসদ সচিবালয়ের এক উপ-সচিবকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়েছে।
বরিশালের জেলা ও দায়রা জজ এ কে এম সলিমউল্লাহ বুধবার সংসদ সচিবালয়ের উপসচিব মুমিন হাসানের পাশাপাশি আরো ৪২ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।
২০০৬ সালে বরিশালের গৌরনদীতে স্কুলছাত্র সাজ্জাদ হোসেন খুন হলে যে মামলাটি হয়, তার একজন সাক্ষী জেলা প্রশাসনের তৎকালীন নির্বাহী হাকিম মুনিম হাসান।
মুনিম বর্তমানে জাতীয় সংসদে উপ-সচিব (মানব সম্পদ) পদে কাজ করছেন।
২০০৭ সালের ২৫ অক্টোবর অভিযোগপত্র গঠনের পর থেকে বিভিন্ন ধার্য তারিখে সমন দেওয়ার পরও আদালতে সাক্ষ্য দিতে না আসায় এই আদেশ দেওয়া হয়।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্যান্যের মধ্যে রয়েছেন গৌরনদী থানার তৎকালীন ওসি আ. মান্নান, ঢাকা সিআইডির রাসায়নিক পরীক্ষক আ. আউয়াল, মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির, পরবর্তী তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সোলায়মান, সহকারী উপ-পরিদর্শক আবু মুছান্না ও কায়ছার হামিদ।
ম্যাজিস্ট্রেট হিসেবে মুনিম হাসান এই মামলার এক আসামির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালের ১৯ নভেম্বর গৌরনদীর মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র তিন বন্ধু ইমতিয়াজ আহম্মেদ শাওন, নুরুজ্জামান এবং রাজ্জাক সরদার মিলে অপর সহপাঠী সাজ্জাদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।
পরে মুখে এসিড ঢেলে চেহারা বিকৃত করে লাশ পাশের ডোবায় ফেলে দেয়। চারদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
২২ নভেম্বর সাজ্জাদের বাবা মন্টু মিয়া বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৭ সালের ১৪ অগাস্ট তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির তিনজনের নামে অভিযোগপত্র দেন। একই বছরের ২৫ অক্টোবর জেলা ও দায়রা জজ অভিযোগ গঠন করেন।
এরপর দীর্ঘ পাঁচ বছরে মামলার ৪৫ জন সাক্ষীর মধ্যে মাত্র তিন জন আদালতে সাক্ষ্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.
bdnews24