২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রস্তাব এলে হুমায়ূনের নামে সড়ক’

প্রস্তাব এলে প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের নামে সড়ক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাব এলে প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের নামে সড়ক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। হুমায়ূনের অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, “হুমায়ূন আহমেদের নামে কোনো সড়কের নামকরণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন ক্যান্সারে ভুগে গত ১৯ জুলাই মারা যান। তিনি একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত। সরকারদলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের এলজিইডির আওতায় বর্তমান অর্থবছরে ১৭টি বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পসহ মোট ৭০টি প্রকল্প চালু আছে। এ প্রকল্পগুলোর জন্য বর্তমান অর্থ বছরে মোট ৪ হাজার ৮৪১ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ রয়েছে। জাতীয় পার্টির সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা মহানগরীতে বিভিন্ন ব্যাসের ৩১০ কিলোমিটার স্টর্ম স্যুয়ার লাইন, ১০ কিলোমিটার বক্স কালভার্ট ও ৯০ কিলোমিটার খোলা খাল (২৬টি খাল) দিয়ে নগরীর গৃহস্থালি ও বৃষ্টির পানি নিস্কাশিত হয়। “প্রতিবছর বর্ষার আগেই নিষ্কাশন লাইনগুলো পরিষ্কার করে রাখা হয়। সামান্য বৃষ্টিতে নগরীর কোথাও জলজট হয় না, তবে অধিক পরিমাণে বৃষ্টি হলে পানি নিষ্কাশিত হতে কিছুটা সময় লাগে,” বলেন তিনি। অধিবেশনে অনুপস্থিত বিএনপির সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংরক্ষিত নারী আসনসহ সব সংসদ সদস্যদের অনুকূলে স্ব স্ব নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য থোক বরাদ্দ দেয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ সংস্থা এলজিইডির আওতাধীন অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপি) থেকে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২১৪১ ঘ.