কুড়িগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষের হামলায় আহত কুড়িগ্রামের চিলমারীর ছাত্রলীগ নেতা বাহাদুর রহমান (২৬) হাসপাতালে মারা গেছেন বুধবার।
রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভোরে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
চিলমারী থানার ওসি আবু মুসা বলেন, শনিবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন বাহাদুর। প্রথমে তাকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে পরদিন রংপুর প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা রেকর্ড হয়েছে। এলাকার পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।
বাহাদুর চিলমারীর মাটিকাটা মোড় এলাকার বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন এবং ঠিকাদারী ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা জানান, চিলমারী উপজেলা ছাত্রলীগে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পক্ষ রয়েছে। বাহাদুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভর পক্ষের কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং এই পক্ষটি স্থানীয় সাংসদের অনুসারী।
উপজেলা ছাত্রলীগ সভাপতির পক্ষের নেতাকর্মীরা উপজেলা চেয়ারম্যানের অনুসারী।
শনিবার প্রতিপক্ষের লোকজন বাহাদুরের হাত-পায়ের রগ কেটে দেয়। এসময় প্রতিপক্ষের হামলায় তাজিকুর নামে আরেক ছাত্রলীগকর্মী আহত হন।
এ ঘটনায় পরদিন বাহাদুরের পক্ষে আতোয়ার হোসেন বাদী হয়ে ১৭ জনের নামে ও তাজিকুরের পক্ষে জেসি বেগম বাদী হয়ে ১৯ জনে বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
জেলা ছাত্রলীগ সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব বলেন, কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশ পেলেই এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৩ ঘ.
bdnews24