২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াপদা ভবনে দরপত্র ছিনতাই, গ্রেপ্তার ২

রাজধানীর মতিঝিলে ওয়াপদা ভবনে দুটি প্রতিষ্ঠানের দরপত্র ছিনতাইয়ের অভিযোগে পুলিশ মো. আলী ও হাসান মাহমুদ স্বপন নামে দুজনকে গ্রেপ্তার করেছে, যারা আওয়ামী লীগের সমর্থক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:10 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে ওয়াপদা ভবনে দুটি প্রতিষ্ঠানের দরপত্র ছিনতাইয়ের অভিযোগে পুলিশ মো. আলী ও হাসান মাহমুদ স্বপন নামে দুজনকে গ্রেপ্তার করেছে, যারা আওয়ামী লীগের সমর্থক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমিল্লায় ভবন নির্মাণের জন্য প্রায় আড়াই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার। মতিঝিল ওয়াপদা ভবনে দরপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত বক্স ছিল। এই দরপত্র নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছিল বলে মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১২টার দিকে আনোয়ার এন্টারপ্রাইজ এবং জেএনকে এ্যারোমা নামের দুটি প্রতিষ্ঠানের পক্ষে আসা লোকজন দরপত্র জমা দিতে গেলে কয়েকজন তাদের ওপর হামলা চালিয়ে দরপত্রের কাগজসহ ব্যাগ ছিনিয়ে নেয়। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে জানান উপকমিশনার আনোয়ার। গ্রেপ্তার দুজন সরকারদলীয় সমর্থক কিনা- জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, “সবই তো বোঝেন। তারা ছাড়া আর কার ক্ষমতা আছে সেখানে যাওয়ার।” এই ঘটনায় আনোয়ার এন্টারপ্রাইজের মলিক শাহজাদা টুটুল বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেছেন। টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন আমার ওপর এবং অন্য একটি প্রতিষ্ঠানের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে দরপত্রের প্রয়োজনীয় নথি ছাড়াও সাত লাখ টাকার ব্যাংক পে-অর্ডার ছিল।” উপকমিশনার জানান, ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয় এবং অনেকেই দরপ্রস্তাব জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯০৭ ঘ.