২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা ফেরতের বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত: হলমার্ক জিএম

সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণের অর্থ ফেরত দেয়ার বিষয়ে নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন হলমার্ক গ্রুপের মহা ব্যবস্থাপক তুষার আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণের অর্থ ফেরত দেয়ার বিষয়ে নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন হলমার্ক গ্রুপের মহা ব্যবস্থাপক তুষার আহমেদ। বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তুষার বলেন, “সোনালী ব্যাংক থেকে আমরা গতকাল চিঠি পেয়েছি। এ বিষয়ে আজ মিটিংয়ে আলোচনা হবে। তারপর আমরা পদক্ষেপ নেব।” হলমার্কসহ ছয় কোম্পানির বিরুদ্ধে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ‘দুর্নীতির মাধ্যমে’ ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা সরানোর অভিযোগের তদন্ত করছে দুদক। এর মধ্যে হলমার্ক নিয়েছে সবচেয়ে বেশি অর্থ, প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা। ১৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের তাগিদ দিয়ে মঙ্গলবার হলমার্ক গ্রুপকে চিঠি দিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ‘অর্থ কারসাজির’ ওই ঘটনায় বুধবার দ্বিতীয়বারের মতো দুদক কর্মকর্তাদের মুখোমুখি হলেন তুষার আহমেদ। এর আগে গত ২ সেপ্টেম্বর তাকে প্রথমবার তলব করা হয়। তুষার সংবাদিকদের বলেন, ওই দিন তাকে ডাকা হলেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও এমডি তানভির মাহমুদকে। এক প্রশ্নের উত্তরে তুষার দাবি করেন, সম্পূর্ণ ‘নিয়মতান্ত্রিকভাবে’ তারা সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। এ ক্ষেত্রে রাজনৈতিক কোনো প্রভাব কাজ করেনি। গত বুধবার সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার কর্মকর্তা সাইদুর রহমান এ ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা মীর মোদাচ্ছের আলীর সংশ্লিষ্টতার ইঙ্গিত দিয়েছিলেন। এ বিষয়ে তুষার আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা কোনো অনিয়মের সাথে যুক্ত নই।” সোনালী ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় নিজেদের যে ৭০টি প্রতিষ্ঠানের তালিকা হলমার্ক গ্রুপ দিয়েছিল, দুদকের তদন্তে তার অধিকাংশই ‘অস্তিত্বহীন’ প্রমাণিত হয়েছে। এ প্রসঙ্গে হলমার্ক গ্রুপের জিএম বলেন, “আমাদের কোনো ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠান নেই। আমাদের মোট ৩৪টি প্রতিষ্ঠান রানিং অবস্থায় রয়েছে এবং এগুলোতে প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। বাকিগুলো নির্মানাধীন অবস্থায় রয়েছে। ২০১৩ সালের মধ্যেই সবগুলো চালু হবে।” সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা সরেজমিনে আসুন, দেখুন এগুলো ভুয়া কী না।” হলমার্ক গ্রুপের নামে ১০ একর সরকারি জমি দখলের অভিযোগ প্রসঙ্গে তুষার বলেন, “আমরা কোনো জমি দখল করিনি। যে জমির কথা বলা হচ্ছে, তা আমাদের কোম্পানির সীমানার ভেতরেই রয়েছে।” হলমার্ক গ্রুপের এই অর্থ কারসাজির ঘটনায় দুদকের তদন্ত দল প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩২ জনের যে তালিকা করেছে তার মধ্যে বুধবার পর্যন্ত ৩১ জনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৭৫০ ঘ.