২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ ঘণ্টা পর ব্রাক্ষণবাড়িয়ায় অবরোধ প্রত্যাহার

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে সাড়ে তিন ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে গেছে নিয়োগপত্রের দাবিতে আন্দোলনরতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 07:38 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ব্রাক্ষণবাড়িয়া, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়োগপত্রের দাবিতে ব্রাক্ষণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা। বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের বিরাসার এলাকায় বিক্ষোভ শুরুর পর দুই দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনকারীদের নেতা ব্রাহ্মণবাড়িয়া নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের আহবায়ক ও পৌর মেয়র হেলাল উদ্দিন বলেন, “বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন। আগামী ২১ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানাবেন বলেও তিনি বলেছেন।” বিজিএফসিএলের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে ব্রাক্ষণবাড়িয়ায় বিজিএফসিএলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের ব্যানারে এ এ অবরোধ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে বিক্ষোভকারীরা কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ সময় তারা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির কার্যালয়েও কোনো কর্মীকে ঢুকতে দেয়নি। সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষায় ১৪৩ জন উত্তীর্ণ হয়। কিন্তু দুর্নীতির অভিযোগ পেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তদন্তের নির্দেশ দেয়। তদন্তে দুর্নীতির তথ্য বেরিয়ে আসায় গত ২৯ অগাস্ট নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে বিজিএফসিএলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয় সংসদীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৩৩২ ঘ.