২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বসছেন মন্ত্রী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেওয়ার পর এবার শিক্ষার্থীদের ‘আশ্বস্ত’ করতে তাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 06:07 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকরা কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার ঘোষণা দেওয়ার পর এবার শিক্ষার্থীদের ‘আশ্বস্ত’ করতে তাদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টায় মন্ত্রণালয়ের সভা কক্ষে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হবে। মন্ত্রী ছাড়াও শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদসহ সংশ্লিষ্টদের এ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। উপ উপাচার্যকে অপসারণের আশ্বাস পেয়ে শিক্ষকরা শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা দিলেও শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় থাকায় মঙ্গলবার বুয়েট শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিক্ষামন্ত্রী ও সচিব বুয়েট ক্যাম্পাসে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবেন। সে অনুযায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, মন্ত্রী এলে তার সঙ্গে কথা বলে তবেই আন্দোলনের কর্মসূচি বা ক্লাসে ফেরার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। তবে বুধবার সকালে মন্ত্রণালয় থেকে বুয়েট শিক্ষক সমিতিকে জানানো হয়, মন্ত্রী ক্যাম্পাসে যাবেন না, নিজের কার্যালয়েই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন। শিক্ষামন্ত্রীর কাছে কী দাবি তুলে ধরবেন জানতে চাইলে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সুদীপ্ত সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের অপসারণ আমাদের সবার দাবি। তবে শিক্ষমন্ত্রী আমাদের শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এ জন্য কতোটা সময় লাগবে, সেই সময় পর্যন্ত আমাদের কোনো হয়রানি যাতে না করা হয় সে বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব।” বুধবার সকালে বুয়েটে গিয়ে দেখা যায়, ক্যাম্পাস অনেকটাই শান্ত। গত কিছুদিনের মতো সেখানে বিক্ষাভ- সমাবেশ বা কোনো কমসূচি নেই। এদিকে আবার ক্লাস শুরুর জন্য সকালে উপাচর্য এস এম নজরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেছে বুয়েট শিক্ষক সমিতি। মঙ্গলবার বিকালে শিক্ষক সমিতির বৈঠক শেষে সমিতির সভাপতি অধ্যাপক ড. মজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষকরা ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীদেরও শিক্ষা কার্যক্রমে ফেরার আহ্বান জানান তিনি। এক প্রশ্নের জবাবে মজিবুর রহমান বলেন, তারা উপাচার্যের অপসারণের দাবি থেকে সরে আসেননি। তবে আলোচনার মাধ্যমেই এ বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষকরা নীতিগতভাবে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর জন্য কিছু প্রস্তুতি লাগবে। অনেকদিন ক্লাস বন্ধ থাকায় নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে হবে। এ জন্য দুয়েক দিন সময় লাগবে।” অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য এস এম নজরুল ইসলাম ও উপ উপাচার্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে এবার ঈদের ছুটি ঘোষণা করা হয় আগেভাগে। এরপর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। সোমবার মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বাড়িতে বুয়েটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের শিক্ষা কার্যক্রমে ফেরাতে রাজি করান। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “প্রোভিসিকে আমরা প্রত্যাহার করে নেব। মামলাও দ্রুত প্রত্যাহার করা হবে।” এরপর মঙ্গলবারই মামলা তুলে নেওয়ার নির্দেশ দেন উপাচার্য এস এম নজরুল ইসলাম। উপাচার্য ও উপউপাচার্যের কার্যালয়ে হামলা, ভাংচুর, ৩ লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা ওই দুটি মামলায় ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে প্রায় একশ জনকে আসামি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/জেকে/১২০২ ঘ.