ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়াতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে ‘মেম্বারস অফ দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২’ উত্থাপন করেন সংসদের কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বিলে পিএসসি চেয়ারম্যানের বেতন-ভাতা মন্ত্রিপরিষদ সচিব ও সদস্যদের বেতন-ভাতা সবিচদের সমান রাখার বিধান রাখা হয়েছে।
বিলটি উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৭৪ সালের ‘মেম্বরাস অফ দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস) অ্যাক্ট-১৯৭৪’ এর সংশোধনের জন্য বিলটি উত্থাপন করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০০৯ অনুযায়ী গণকর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত পদধারীদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। এ অবস্থায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২২৫৮ ঘ.
bdnews24