২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নাসির হত্যা: পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিরাজগঞ্জে শ্রমিক নেতা নাসির উদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে শ্রমিক নেতা নাসির উদ্দিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ডাকা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক বৈঠকে দোষিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধর্মঘট আহ্বানকারীরা জানান। রোববার (২ সেপ্টেম্বর) দুপুরে নাসির উদ্দিন খুন হওয়ার পর শ্রমিকরা সিরাজগঞ্জের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর মালিক-শ্রমিকদের যৌথ সিদ্বান্তে মঙ্গলবার সকাল থেকে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৭টায় ঢাকা, রাজশাহী, বগুড়া ও সিরাজগঞ্জের শ্রমিক-মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক বৈঠকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে নাসির উদ্দিন হত্যার প্রধান আসামি ‘বালুখেকো’ সাত্তারকে গ্রেপ্তার, দায়ের করা মামলা দ্রুত বিচার আইনে হস্তান্তর, সাত্তারের বাড়ির মালামাল ক্রোক ও ব্যাংক একাউন্ট জব্দের দাবি করা হয়। পুলিশ সুপার দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে জনস্বার্থে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। “তবে এ শর্ত পূরণে ব্যর্থ হলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হবে,” বলেন তিনি। পুলিশ সুপার হুমায়ন কবীর বলেন, “আশা করছি ১৯ সেপ্টেম্বরের মধ্যে নাসির উদ্দিন হত্যার প্রধান আসামি সাত্তারকে গ্রেপ্তার করা সম্ভব হবে। অন্য দাবিগুলো আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।” বালু মহালের দখল নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার সিরাজগঞ্জে যমুনা নদীর বানতিয়ার ও বড়পিয়ার এলাকায় হামলায় শ্রমিক লীগ নেতা নাসির নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.