২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট মডেম দেবে গ্রামীণফোন

দেশের ২০ হাজার পাঁচশ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষের জন্য ইন্টারনেট মডেম সরবরাহ করবে গ্রামীণফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ২০ হাজার পাঁচশ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষের জন্য ইন্টারনেট মডেম সরবরাহ করবে গ্রামীণফোন। মঙ্গলবার রূপসী বাংলা হোটেলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে গ্রামীণ ফোনের এ সংক্রান্ত চুক্তি হয়েছে। আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ এবং গ্রামীণ ফোনের হেড অব ডিরেক্টর সেলস টর হ্যারল্ড স্টর্মসনেস নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হলে পড়ানোর চিরাচরিত চিত্র পাল্টে যাবে। পর্যায়ক্রমে দেশের সবগুলো স্কুল-কলেজকে তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। আইসিটি’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের অধীনে ১৩ হাজার সাতশ মাধ্যমিক স্কুল, চার হাজার দাখিল মাদ্রাসা, এক হাজার দুইশ আলিম মাদ্রাসা এবং এক হাজার ছয়শ কলেজে একটি করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার ও ইন্টারনেট মডেম সরবরাহ করা হবে। মাল্টি মিডিয়া ক্লাশরুমের জন্য ২০ হাজার পাঁচশ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ সরবরাহে ইতোমধ্যে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে সরকারের আরেকটি চুক্তি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এসব শিক্ষা প্রতিষ্ঠানের একজন করে শিক্ষককে ডিজিটাল কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেয়া হবে। ইতোমধ্যে ছয় হাজার দুইশ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০১২-১৩ অর্থ বছরে বাকি ১৪ হাজার তিনশ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নোমান-উর-রশীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার টোরে জনসন বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৪৬ ঘ.