২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুটি সিরামিক কারখানাকে জরিমানা

তরল বর্জ্য ফেলে কৃষি জমি বিনষ্ট এবং বনভূমির মাটি দূষণের অপরাধে গাজীপুরে দুটি সিরামিক কারখানাকে প্রায় ৪১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরল বর্জ্য ফেলে কৃষি জমি বিনষ্ট এবং বনভূমির মাটি দূষণের অপরাধে গাজীপুরে দুটি সিরামিক কারখানাকে প্রায় ৪১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার জেলার ভবানীপুরে ফুওয়াং সিরামিকস লিমিটেড ও সানপাওয়ার সিরামিকস কোম্পানি লিমিটেড নামের কারখানা দুটিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্জ্য শোধনাগার (ইটিপি) বন্ধ এবং পরিবেশ ছাড়পত্র না থাকায় ফুওয়াং সিরামিকস লিমিডেটকে ১৪ লাখ ৯০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানার ইটিপি না থাকায় ও পরিবেশ ছাড়পত্র নবায়ন না করায় সানপাওয়ার সিরামিকস কোম্পানি লিমিটেডকে ২৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তিতে আলো বলা হয়, তাইওয়ান ও কোরিয়ার মালিকানাধীন কারখানা দুটি পাকা ও কাঁচা নালা তৈরি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাছে উন্মুক্ত জমিতে তরল বর্জ্য ফেলছে। এতে মাটি দূষণ ও কৃষি জমি বিনষ্ট হওয়া ছাড়াও পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/আরএ/১৭৫৮ ঘ.