ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল উপউপাচর্যের অপসারণের ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, উপাচার্যকেও তার পদ থেকে সরাতে হবে।
মঙ্গলবার বিকালে বুয়েটে এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেরিনা জাহান।
তিনি বলেন, “আমাদের এক দফা এক দাবি, ভিসি ও প্রো ভিসির অপসারণ। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।”
“আমাদের যারা চুরির দায়ে মিথ্যা মামলা দেয়, আমাদের তাজা রক্ত দেখেও যাদের হৃদয়ে বিন্দুমাত্র কম্পনের সৃষ্টি হয় না- এই ক্যাম্পাস প্রাঙ্গণে তাদের অবস্থান আমাদের জন্য নিরাপদ নয় বলে আমরা বিশ্বাস করি।”
শিক্ষামন্ত্রীকে বুয়েট ক্যাম্পাসে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রাঙ্গণে এসে আমাদের কথাগুলো শুনবেন এবং আমাদের আবেগ ও বাস্তবতা অনুধাবন করে সিদ্ধান্ত নেবেন।”
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক হুমায়ূন কবিরও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তিনি জানান, শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের বুধবার বুয়েট ক্যাম্পাসে আসবেন বলে শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও আসতে পারেন।
সোমবার গভীর রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে উপউপাচর্যের অপসারণ ও মামলা প্রত্যাহারে আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার সকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন বুয়েট শিক্ষকরা। সেখানে সার্বিক পরিস্থিতি ও মন্ত্রীর আশ্বাসের বিষয়গুলো জানিয়ে তারা ক্লাসে ফেরার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।
শিক্ষকরা কি আর আন্দোলনে থাকছেন না-এ প্রশ্নের জবাবে অধ্যাপক হুমায়ুন বলেন, “উপাচার্য ও উপউপাচার্যের অপসারণ আমাদের সবার দাবি। এ দাবি পূরণে আমরা আলোচনার টেবিলে আছি।”
এর আগে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি যন্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র সুদীপ্ত সাহা সাংবাদিকদের বলেন, “শিক্ষকরা মন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত হলেও আমরা আশ্বস্ত হতে পারিনি। আমরা উপাচার্যেরও অপসারণ চাই।”
ছাত্রদের সঙ্গে বৈঠকের আগে বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি ক্লাসে ফিরব। তবে এর জন্য কিছু প্রস্তুতি লাগবে। অনেকদিন ক্লাস বন্ধ থাকায় নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে হবে। এ জন্য দুয়েক দিন সময় লাগবে।”
অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য এস এম নজরুল ইসলাম ও উপ উপাচার্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়।
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে এবার ঈদের ছুটি ঘোষণা করা হয় আগেভাগে। এরপর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।
সোমবার মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বাড়িতে বুয়েটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের শিক্ষা কার্যক্রমে ফেরাতে রাজি করান।
রাত সোয়া ১১টায় বৈঠক শুরুর পর তা শেষ করে রাত সোয়া ১টার দিকে মিন্টো রোডের বাড়ির সামনে সাংবাদিকদের কাছে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ও বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “প্রোভিসিকে আমরা প্রত্যাহার করে নেব। মামলাও দ্রুত প্রত্যাহার করা হবে।”
এছাড়া বুয়েট প্রশাসনের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ এসেছে সেগুলোর বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা আবার শিক্ষা কার্যক্রমে ফিরে যাবেন এবং বুয়েট সচল হবে।
তবে শিক্ষক-শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উপাচার্যকে অপসারণের কোনো সিদ্ধান্ত এ বৈঠকে হয়নি।
শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “মামলাগুলো প্রত্যাহার করা হবে। (তিনি) বলেছেন, এগুলো প্রত্যাহার হয়ে গেল বলে ধরে নেন। আমরা তা ধরে নিয়েছি। প্রোভিসিকে প্রত্যাহার করা হচ্ছে। অন্যসব বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা আশ্বস্ত হয়েছি।”
উপাচার্য এস এম নজরুল ইসলাম মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুয়েটের শিক্ষক সমিতি ও শিক্ষামন্ত্রীর বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে তিনি মামলা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উপাচার্য ও উপউপাচার্যের কার্যালয়ে হামলা, ভাংচুর, ৩ লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা ওই দুটি মামলায় ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে প্রায় একশ জনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৬৪৫ ঘ.
bdnews24