চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ এনে দুই বিচারকের আদালত বর্জন করে টানা চতুর্থ দিনের মতো অবস্থান ধর্মঘট করেছেন চট্টগ্রামের আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির ব্যানারে মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হকের আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
গত বুধবার সমিতির বিশেষ সাধারণ সভায় নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মাহাবুবুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। আমরা আশাবাদী, কঠোর আন্দোলনে যাবার আগেই সরকার এই দুই বিচারককে সরিয়ে নেবে।”
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সমিতির দুর্নীতিবিরোধী সভায় সাধারণ সদস্যরা দুই বিচারকের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১২৪৯ ঘ.
bdnews24