কক্সবাজার, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই দিনে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা স্টেশনে মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ থাকবে বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম জানান।
তিনি বলেন, দুটি রাজনৈতিক দল একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
“আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।”
হ্নীলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মমতাজুল ইসলাম কালাম জানান, গত ৩ সেপ্টেম্বর বিকালে হ্নীলা বাস স্টেশনে বিএনপির মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘কুরুচিপূর্ণ’ স্লোগান দিয়ে ‘নৈরাজ্য সৃষ্টির’ পাঁয়তারা চালানোয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রতিবাদ সামাবেশের ডাকে।
অন্যদিকে হ্নীলা ইউনিয়ন বিএনপির (উত্তর) আহবায়ক আবছার কামাল নোবেল বলেন, স্থানীয় যুবলীগ কর্মী নূর মোহাম্মদ ও নুরুল হুদার নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় বিনা উস্কানিতে ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির যুগ্ম-আহবায়ক আবছার কামাল ছিদ্দিকীকে পিটিয়ে গুরুতর আহত করে। এর প্রতিবাদে হ্নীলা বাস স্টেশনে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমএইচপি/১২০২ ঘ.
bdnews24