খুলনা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নলকূপ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় আইচগাতী ইউনিয়নের দূর্জনীমহল আব্দুলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। এসময় আরো তিন শ্রমিক আহত হন।
নিহতরা হলেন- বিল্লাল (৩০), গফফার (৩৫) ও লিটন (২০)। তারা সবাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার রানীপুর এলাকার বাসিন্দা।
এই তিন শ্রমিক আব্দুলের মোড় এলাকায় আব্দুল মালেক পাইকের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ করছিলেন।
রূপসা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, সন্ধ্যায় নলকূপ বসানোর জন্য বাঁশের তৈরি ফ্রেমে বসে ছয় শ্রমিক কাজ করছিলেন। এ সময় ভেজা বাঁশের ফ্রেমটি বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।
তিনি জানান, এ সময় আহত ফারুক খান (২৫), মোশারফ (৩০) ও রাশেদকে (২৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়না তদন্তের জন্য নিহতদের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৫৩ ঘ.
bdnews24