২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি খুন: র‌্যাবের জিজ্ঞাসাবাদে শতাধিক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর র‌্যাব এ পর্যন্ত শতাধিক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর র‌্যাব এ পর্যন্ত শতাধিক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। এদের কাউকে একাধিকবারও জিজ্ঞাসবাদ করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র এম সোহায়েল। পুলিশপ্রধান হাসান মাহমুদ খোন্দকারও আশা করছেন, এই তহ্যাকাণ্ডের তদন্তে শিগগিরই সফলতা আসবে। র‌্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক সোহায়েল সোমবার তার কার্যালয়ে কয়েকজন সাংবাদিককে বলেন, “তদন্তে কোনো কাজে ঘাটতি থাকবে না। অত্যন্ত গুরুত্ব দিয়েই এই মামলার তদন্ত চলছে এবং কোনো গাফিলতি নেই।” তদন্ত সংশ্লিষ্ট র‌্যাবের এক কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের মধ্যে সাগর-রুনির পরিবারের সদস্যরাও রয়েছে। গত ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি খুন হওয়ার পর প্রথমে এর তদন্ত চালাচ্ছিল গোয়েন্দা পুলিশ। কিন্তু দুই মাসের তদন্তে কোনো ফল না আসায় গত এপ্রিলে হাই কোর্ট তদন্তের দায়িত্ব র‌্যাবকে দেয়। র‌্যাব তদন্তের দায়িত্ব পাওয়ার পর প্রথমে মরদেহের ভিসেরা প্রতিবেদন তৈরির জন্য লাশ তোলা হয়। এরপর হত্যাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য তা যুক্তরাষ্ট্রে পাঠায়। ছয়টি ক্ষেত্রে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত চলছে জানিয়ে সোহায়েল বলেন, এসব বিষয় কোনটির চেয়ে কোনটির গুরুত্ব কম নয়। এই ছয়টি ক্ষেত্র হচ্ছে- বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ, আধুনিক প্রযুক্তি ব্যবহার, বিভিন্ন পর্যায়ে সোর্স নিয়োগ, অপরাধ জগতের শীর্ষ ব্যক্তিদের তৎপরতা পর্যবেক্ষণ, ফরেনসিক কাজ এবং বিশেষ গোয়েন্দা তৎপরতা। “এর মধ্যে কিছু কিছু কাজ হয়েছে, কিছু কাজ চলছে এবং বাকি রয়েছে কিছু,” বলেন র‌্যাব মুখপাত্র। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হাই কোর্টের নির্দেশ অনুসরণ করেই এই মামলার তদন্ত করা হচ্ছে। ডিএনএ পরীক্ষাসহ যা কিছু করা হচ্ছে সব কিছুই নিয়ম মেনেই।” আইজিপি হাসান মাহমুদ সোমবার রংপুরে সাংবাদিকদের বলেন, “আলোচিত এই হত্যা মামলার তদন্ত চলছে। অন্য গুরুত্বপূর্ণ মামলার মতো এই মামলায়ও সফলতা আসবে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর আস্থা রাখতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২০৪৪ ঘ.