কুমিল্লা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাকের ধাক্কায় সোমবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের কোম্পানি নিহত হয়েছেন।
কুমিল্লা-নোয়াখালী সড়কে নাথেরপেটুয়া বাজারে বেলা ১২টায় এ দুর্র্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং একঘণ্টা কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করেছে।
মনোহরগঞ্জ থানার এসআই আশরাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে আবু তাহের কোম্পানি মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচ্ছিলেন।
পথে নাথেরপেটুয়া বাজারে নোয়াখালীগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কুমিল্লা-নোয়াখালী সড়ক অবরোধ করে রাখে জনতা।
পুলিশ লাশ এবং আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24