২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির বয়স নিয়ে রুল

মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা শিক্ষকদের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে হাই কোর্ট। একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের অবকাশকালীন বেঞ্চ সোমবার এই রুল জারি করে। রিটকারীর অবসর গ্রহণের বয়স বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে নিতে বিবাদীদের কেন নির্দেশ হবে না- তারও কারণ জানাতে বলেছে আদালত। দুই সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ছয়জনকে এর জবাব দিতে বলা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পিতাম্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ সোমবার সকালে এই রিট আবেদন করেন। তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর সরকার ‘মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের বয়স বৃদ্ধি’ প্রসঙ্গে একটি গেজেট জারি করে। এতে অবসরের বয়সসীমা দুই বছর বৃদ্ধি করা হয় এবং এলপিআরে থাকা মুক্তিযোদ্ধা কর্মচারীদের পুনঃনিয়োগের বিধান রাখা হয়। “বর্তমানে সরকারি কর্মচারীরা এ সুবিধা পেলেও এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের এই সুবিধা দেয়া হচ্ছে না। গেজেটে গণকর্মচারীরা এই সুবিধা পাবেন বলা হলেও কারা গণকর্মচারী সেটা বলা হয়নি।” এই আইনজীবী যুক্তি দেখান, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা অর্থ সংক্রান্ত কোনো অসদুপায় অবলম্বন করলে ‘গণকর্মচারী’ হিসাবে তাদের বিচার করা হয়। তাই সুবিধা পাওয়ার ক্ষেত্রেও তাদের ‘গণকর্মচারী’ বিবেচনা করা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭৪০ ঘ.