গাজীপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বাদে কলমেশ্বর এলাকার একটি ধান ক্ষেত থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি উদ্ধাররের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত পপি আক্তার (১২) শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানিককুড়া গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে গাজীপুরের কলমেশ্বর এলাকার ব্র্যাক স্কুলের ছাত্রী। তারা বাদে কলমেশ্বর এলাকার মো. মনসুর মাস্টারের বাড়িতে ভাড়া থাকত।
জয়দেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহতের ঠোঁট ও মুখম-লসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
“দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে হত্যার পর লাশটি ধানক্ষেতে পুতে রাখে বলে ধারণা করা হচ্ছে।”
নিহতের চাচা হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, তার ছোটভাই দুলাল উদ্দিন স্থানীয় বোর্ড বাজার ও আশেপাশের এলাকায় রিকশা চালান এবং তার স্ত্রী রেজিয়া আক্তার স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করেন।
রোববার সন্ধ্যায় পিঠা বানানোর জন্য পপিকে তার মা দুধ-চিনি আনতে পাশের দোকানে পাঠান।
দোকানে যাওয়ার পথেই নিখোঁজ হয় পপি। রাতভর খোঁজাখুঁজি করেও স্বজনরা পপির কোন সন্ধান পান নি।
সোমবার সকালে স্থানীয়রা পাশের পোশাক কারখানার পেছনের ধানক্ষেতে কাঁদা মাটিতে পুঁতে রাখা অবস্থায় পাপির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৮ ঘ.
bdnews24