২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকলীগ নেতা হত্যার প্রতিবাদে বাস ধর্মঘট সিরাজগঞ্জে

বালু মহাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শ্রমিকলীগ নেতা নাসির উদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে সোমবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা বাস ধর্মঘট করছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বালু মহাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শ্রমিকলীগ নেতা নাসির উদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে সোমবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা বাস ধর্মঘট করছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা বাস ধর্মঘট চলছে। পৌর বাস টার্মিনালসহ কাউন্টারের সব বাস বন্ধ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত খুনিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দিয়েছেন তিনি। রোববার সকাল ১১টার দিকে যমুনা নদীর বানতিয়ার ও বড়পিয়ার এলাকায় বালু মহালের দখল নিয়ে হামলায় নাসির নিহত হন। সিরাজগঞ্জ সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, এ ঘটনায় রোববার রাতেই নাসিরের ছেলে আরিফুল ইসলাম তানভীর বাদি হয়ে সিরাজগঞ্জ শহরের বালু ব্যবাসয়ী আব্দুস সাত্তারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে। “রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহারভুক্ত ছয় আসামিকে এবং সোমবার সকালে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন ওসি। এদিকে সোমবার সকাল ১০টার দিকে শহরের মালসাপাড়া কবরস্থান মাঠে জানাজা শেষে নাসির উদ্দিনের লাশ দাফন করা হয়েছে। জানাজা শেষে জনতা ধানবান্ধি মহল্লায় সন্দেহভাজন হামলাকারীদের দুটি বাড়ি ভাংচুর এবং পুঠিয়াবাড়িতে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানান ওসি। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/এমআই/১৫০৩ ঘ.