ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নারীর ক্ষমতায়নে এগিয়ে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের চোখে ধরা পড়েছে।
এই ক্ষেত্রসহ খাদ্য নিরাপত্তায় কাজ করার আগ্রহ প্রকাশ করে সোমবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন।
ইউএসএআইডির সাত সদস্যের ওই প্রতিনিধি দল সচিবালয়ে দেখা করতে যায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার নেতৃত্বে। ইউএসএআইডি প্রশাসকের সহকারী পল ওয়েইসেনফেল্ড এই প্রতিনিধি দলে ছিলেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ ও প্রশংসা করা হয়।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, তারা গত দু’দিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নারী কৃষি শ্রমিকের সাথে কথা বলেছেন। তারা দেখেছেন, এখানে এ ক্ষেত্রে সার্বিক পরিস্থিতির পরির্বতন হচেছ।
নারী উন্নয়নে মার্কিন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন প্রতিনিধি দলের সদস্যরা।
বৈঠকে নারীর খাদ্য নিরাপত্তায় সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও কৃষিতে নারীর অবদানের বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে সাড়ে লাখ নারীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এক লাখ ৭৫ হাজার বিবাহিত দরিদ্র নারী মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে।
নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন’ ও ‘জাতীয় নারী উন্নয়ন নীতি’ অনুমোদন করেছে।
এতে নারীদের নিরাপত্তা অনেকাংশেই নিশ্চিত হয়েছে বলে সরকার মনে করে, বলেন প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২৩০৬ ঘ.
bdnews24