নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইসরাফিল প্রধানকে আটকের প্রতিবাদে তার সমর্থকদের অবরোধে রোববার রাতে আড়াই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ ছিল।
সাইন বোর্ড এলাকায় রাত সোয়া ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পাঁচ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়, ভাংচুর হয় ২০-২৫টি গাড়ি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যার পর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এরপরেই জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীদের দাবি, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে তর্ক-বিতর্কের পরই সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইস্রাফিলকে আটক করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের এক আত্মীয়কে মারধর করেন। অভিযোগ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একটি দল তার কাছে গিয়ে বিষয়টি জানতে চায়।
“এ সময় কাউন্সিলর সংসদ সদস্য ও পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এর প্রতিবাদ করলে কাউন্সিলর পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে। তখন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।”
এরপর কাউন্সিলরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে রাত সোয়া ৮টার দিকে লিংক রোডের জালকুড়ি এলাকা অবরোধ করে। তারা সড়কে প্রায় ২০-২৫টি যানবাহন ভাংচুর করে বলে ওসি জানান।
এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে দেখা দেয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে কাউন্সিলরের অনুসারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশসহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে জানিয়ে পুলিশ সুপার বলেন, রাত পৌনে ১১টায় বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে যায়।
ইসরাফিলের শ্যালক কবির হোসেন সাংবাদিকদের জানায়, একটি সালিশকে কেন্দ্র করে সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের সঙ্গে কাউন্সিলর ই¯্রাফিল প্রধানের তর্ক-বিতর্ক হয়।
“সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়,” বলেন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২৩১৭ ঘ.
bdnews24