২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় সাবেক পুলিশ কমিশনারকে জেরা

২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় ঢাকার সাবেক পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে জেরা অব্যাহত রেখেছে আসামি পক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় ঢাকার সাবেক পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে জেরা অব্যাহত রেখেছে আসামি পক্ষের আইনজীবীরা। রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে সাবেক আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হকের আইনজীবী টি এম আকবর সাক্ষী মিজানুরকে জেরা করেন। বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ৩ সেপ্টেম্বর জেরার পরবর্তী তারিখ ঠিক করেছেন। মিজানুর এ মামলায় রাষ্ট্রপক্ষের ৬৩ নম্বর সাক্ষী। মামলার আসামি জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দেরিতে নাজিম উদ্দিন রোডে ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে হাজির করায় দেরি হওয়ায় শুনানি শুরুতে দেরি হয়। বেলা পৌনে ৩টা থেকে ৪টা পর্যন্ত শুনানি চলে, যাতে মিজানুরকে জেরা করা হয়। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার এই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৫২ জন আসামি। ওই হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই ঘটনার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ রয়েছে। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। মহাজোট সরকার আমলে মামলার অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হন তারেক রহমানসহ ৩০ জন। সাবেক আইজিপি আশরাফুল হুদা ও শহুদুল হককে অধিকতর তদন্তে মামলার আসামি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২১৭ ঘ.