কুষ্টিয়া, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় গুলি করে ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে হত্যায় দায়ীদের গ্রেপ্তারের দাবিতে খোকসা উপজেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার দুপুর সাড়ে ১২টা থেকে খোকসা বাসস্ট্যান্ডে এ অবরোধ চলাকালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়।
মঙ্গলবার (২৮ অগাস্ট) কুষ্টিয়ার কুমারখালী এলাকায় পদ্মা নদীতে ট্রলারের মধ্যে খোকসা উপজেলার আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ তিন জনকে গুলিতে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর তারা চেয়ারম্যান নুরুল ইসলামের মাথা কেটে নিয়ে যায়।
যাওয়ার সময় নুরুল ইসলাম ও তার সঙ্গী আনসার আলীর (৪৫) লাশ নদীতে ফেলে দেয়।
কয়েকদিন পর আনসার আলীর লাশ পাশের জেলা পাবনার একটি চর থেকে উদ্ধার হলেও চেয়ারম্যানের লাশ পাওয়া যায়নি।
এ ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত চেয়ারম্যানের ছেলে সামছুজ্জামান মানববন্ধনে বলেন, হত্যাকাণ্ডে যারা জড়িত থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অদৃশ্যকারণে পুলিশ সে বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
খোকসার ইউএনও সোহায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে হত্যার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবিতে শতাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি তিনি পেয়েছেন। সেটি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। পরে খুনিদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস দেওয়া হলে সোয়া ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৮ ঘ.
bdnews24