২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঋণ নিয়ম মেনে, ফেরতও দেব’

“ব্যবসার জন্য সোনালী ব্যাংক থেকে ২৬শ কোটি টাকা ঋণ নিয়েছি। যথাসময়ে তা পাই টু পাই পরিশোধ করা হবে,” বলেছেন হলমার্কের এমডি তানভির মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা নেওয়ার অভিযোগের মুখে থাকা হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভির মাহমুদ দাবি করেছেন, নিয়ম মেনেই ২ হাজার ৬০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এবং তা যথাসময়ে পরিশোধও করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে হলমার্ককে ঋণ দেওয়ার ক্ষেত্রে সোনালী ব্যাংকের অনিয়মের বিষয়টি উঠে আসলে দুর্নীতি দমন কমিশন এর তদন্ত শুরু করেছে। রোববার হলমার্ক গ্রুপের এমডি তানভির মাহমুদ, চেয়ারম্যান জেসমিন চৌধুরী এবং মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকে ডাকা হয় সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে। হলমার্ক গ্রুপের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সম্পৃক্ততার কথা বিভিন্ন সংবাদপত্রে ছাপা হওয়ার পরিপ্রেক্ষিতে তাকেও ডাকা হবে বলে দুদক কমিশনার বদিউজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন। দুদক কার্যালয়ে তানভির মাহমুদ সাংবাদিকদের বলেন, “প্রচলিত আইন মেনেই ব্যাবসার জন্য সোনালী ব্যাংক থেকে ২৬শ কোটি টাকা ঋণ নিয়েছি। যথাসময়ে তা পাই টু পাই পরিশোধ করা হবে।” বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ, টিঅ্যান্ড ব্রাদার্স, ডিএন স্পোর্টস, প্যারাগস গ্রুপ, খান জাহান আলী সোয়েটার্স নকশী নিট কম্পোজিট এ ছয়টি প্রতিষ্ঠান তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা তুলে নেয়। এর মধ্যে হলমার্কের তোলা অর্থের পরিমাণ সবচেয়ে বেশি ২ হাজার ৬০০ কোটি টাকা। এই ঘটনা তদন্তে দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ দল জিজ্ঞাসাবাদের জন্য ৩২ জনের একটি তালিকা তৈরি করেছে। রোববার পর্যন্ত ২৯ জনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান করে তানভির বলেন, “আমি কোনো জাল-জালিয়াতি করিনি। যে টাকা লোন নিয়েছি, তার ২০ গুণ সম্পত্তি আমার আছে।” হলমার্ক গ্রুপের অধীনে যে ৭০টি কোম্পানির নাম দেওয়া হয়, দুদকের তদন্তে তা অধিকাংশই অস্থিত্বহীন প্রমাণিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হলমার্ক এমডি বলেন, “আমার কোনো ভুয়া কোম্পানি নেই। প্রতিটিই রানিং অবস্থায় রয়েছে এবং তাতে ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছে।” হলমার্কের ঋণ নেওয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ কোনো মন্ত্রী, সংসদ সদস্যের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তানভির। তার একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ব্যবসায়িক অনুষ্ঠান হিসেবে মন্ত্রী-সংসদ সদস্যের মতো উপদেষ্টা হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। নিজেদের বক্তব্য তুলে ধরে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তানভির। রোববার হলমার্ক ছাড়াও ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জন এবং পরিচালক ফাহমিদা আক্তার চৌধুরী শিখাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচএ/এমআই/১৯৪১ ঘ.