২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান গার্ডেন সিটির ২৬ লাখ টাকা জরিমানা

পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া পরিবেশ ছাড়পত্র ফি বাবদ সাড়ে ৬২ লাখ টাকা জমা দিতে বলা হয়েছে। রোববার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরে ৩০ বিঘা জমিতে জাপান গার্ডেন সিটি লি. নামক আবাসন প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। ২০০০ সালে একটি অ্যাপার্টমেন্টের অনুকূলে অবস্থানগত ছাড়পত্র নেওয়া হলেও গত ১২ বছরে এখানে গড়ে তোলা হয় ২৬টি বহুতল ভবন। এসব ভবনের কোনটিরই পরিবেশ ছাড়পত্র নেই, অথচ এগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রোববার সরেজমিনে এ ঘটনা উদঘাটন করেন। তাৎক্ষণিকভাবে জাপান গার্ডেন সিটির সংশ্লিষ্ট কর্মকর্তাকে তলব করে জরিমানা বাবদ ২৬ লাখ টাকা আদায় করা হয়। এর বাইরে ২৬টি ভবনের পরিবেশ ছাড়পত্র ফি বাবদ সাড়ে ৬২ লাখ টাকা জমা দিতেও বলেছে অধিদপ্তর। এ প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, “রাজধানীর কেন্দ্রস্থলে এ জাতীয় ঘটনা বড় ধরনের অনিয়ম। বিশেষ করে ২৬টি বহুতল ভবনের জন্য নিজস্ব স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকা উচিৎ।” পরিবেশ ছাড়পত্র ছাড়া ভবনে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়টিও একটি বড় অনিয়ম বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৮৩০ ঘ.