২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাপের গণসংযোগে হামলা, ৩টি মামলা দায়ের

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের গণসংযোগকালে হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের গণসংযোগকালে হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। শনিবার ও রোববার কালকিনি থানায় এ তিনটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি শাহিন মন্ডল। এ ঘটনায় ওইদিনই এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গোলাপের ফুফাত ভাই দুলাল বেপারী বাদী হয়ে কালকিনি থানায় মামলাটি দায়ের করেন। এতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। একই দিন প্রথম আলোর কালকিনি প্রতিনিধি খায়রুল আলম তার মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এছাড়া রোববার রেজাউল ফরাজি নামে এক ব্যক্তি বাদী হয়ে গোলাপ সমর্থক ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৫০/৬০ জনের নামে একটি মামলা করেছেন। রেজাউল ফরাজি সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সমর্থক হিসেবে পরিচিত। আব্দুস সোবহান গোলাপ মাদারীপুর-৩ (কালকিনি ও সদরের একাংশ) আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা জানিয়ে গত ছয় মাস ধরে এলাকায় জনসংযোগ ও প্রচার চালাচ্ছেন। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগকারী মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এই আসন থেকে টানা কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কালকিনি থানার ওসি শাহিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে কালকিনির এনায়েতনগরের করিমগঞ্জ বাজারে গণসংযোগ শেষে ফাঁসিয়াতলা হাটে যাওয়ার পথে আলীনগর ইউনিয়ন পরিষদের সামনে সাংসদ সৈয়দ আবুল হোসেনের পক্ষে স্লোগান দিয়ে কিছু যুবক বাধা দেয়। এ সময় ওই যুবকরা পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় গোলাপের সঙ্গের লোকজন বাধা দিলে দু’পক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ফঁসিয়াতলা হাটে শুভেচ্ছো বিনিময় করে খালেকের হাটে গেলে সেখানে আবারো ২০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। এখানেও দু’পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষকালে কয়েকটি মোটরসাইকেল ভাংচুর হয়। আহত হয় পুলিশসহ অন্তত ১৫ জন। ওসি বলেন, বোমা হামলার অভিযোগে ওইদিনই ওসমান চাপরাশি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামের আলী আশরাফ চাপরাশির ছেলে। অন্যদিকে ঘটনার পরপরই সংবাদ সম্মেলন করে ঘটনার ব্যখ্যা দেয় উপজেলা আওয়ামী লীগ। উপজেলা সভাপতি তাহমিনা সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক সংবাদ সম্মেলনে বলেন, উপজেলা আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় না করে গণসংযোগ করা এবং গণসংযোগে সাংসদ সৈয়দ আবুল হোসেন সম্পর্কে বিরুপ মন্তব্য করায় দলের নেতাকর্মীরা বাধা দিয়েছে। এ ব্যাপারে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, “আমি এলাকায় গেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফোন ও মেসেজ দিয়ে অবগত করি। তবে তাদের মধ্যে কেউ আমার সঙ্গে কেউ অংশ নেয়নি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৫ ঘ.