২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নির্মাণাধীন ছাদ ধসে আহত ৭০

রংপুরের মিঠাপুকুর উপজেলায় রোববার নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে এক প্রকৌশলীসহ অন্তত ৭০ জন শ্রমিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 10:40 AM

Updated : 25 Apr 2022, 09:41 PM

রংপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলায় রোববার নির্মাণাধীন একটি হিমাগারের ছাদ ধসে এক প্রকৌশলীসহ অন্তত ৭০ জন শ্রমিক আহত হয়েছেন।

এদের মধ্যে ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মিঠাপুকুর-ফুলবাড়ি সড়কে শালটিরহাট ফুলচৌকি এলাকায় অংকুর স্পেশালাইজড হিমাগারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই হিমাগারের কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দিয়েছে।

আহত শ্রমিক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হিমাগারের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। এর কিছুক্ষণ পরই সেটি ধসে পড়ে। এ সময় ছাদের নিচে অন্তত ১০০ জন শ্রমিক ছিলেন।

তিনি বলেন, ছাদটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে কয়েকজন নিচে লাফিয়ে পড়েন। আটকা পড়ে ৭০-৮০ জন শ্রমিক।

ফায়ার সার্ভিস সদস্য, পুলিশ ও এলাকাবাসী পাঁচঘণ্টা চেষ্টা চালিয়ে সবাইকে আহত অবস্থায় উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

রংপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণ বিধিমালা মেনে কাজ না করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিধি অনুযায়ী হিমাগারটি নির্মাণ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হিমাগারের মালিক মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি দুর্ঘটনা। আহত শ্রমিকদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে।

হাসপাতালে ভর্তি রয়েছেন প্রকৌশলী মশিউর রহমান, শ্রমিক ইয়াকুব, সামাদ, শফিকুল, রুবেল, রানা, সবুজ, আলমগীর, আফসার, মোকছেদ, ফজলুল হক, হযরত আলী, দেলোয়ার হোসেন বুলু, দুলাল, জাহিদুল, নজরুল, ইদ্রিস আলী, মিলন, তৈয়বুর রহমান ও ইউসুফ আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬২৭ ঘ.