ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের একটি শাখায় হলমার্ক গ্রুপের অর্থ সরানোর ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার এক সংবাদ ব্রিফিংয়ে দুদকের কমিশনার মো. বদিউজ্জামান সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, “যেহেতু তার (স্বাস্থ্য উপদেষ্টা) নাম এসেছে, তাই অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
“দুদক তার নিজস্ব গতিতে তদন্ত করছে। এখন পর্যন্ত শুধু স্বাস্থ্য উপদেষ্টার নাম এসেছে। তদন্ত কাজের সময় যদি সরকারের উচ্চপর্যায়ের আরো কোনো ব্যাক্তির নাম আসে তাহলে তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে”, বলেন দুদক কমিশনার।
কবে নাগাদ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে জানতে চাইলে বদিউজ্জামান বলেন, “যত দ্রুত সম্ভব, তাকে তলব করা হবে।”
সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে নিয়ম বহির্ভূতভাবে ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় হলমার্ক গ্রুপসহ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে দুদকের ছয় সদস্যের একটি বিশেষ দল।
ওই ব্যাংকের দুই জিএমসহ ২৬ জনকে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত কাজে দুদকের জিজ্ঞাসাবাদের তালিকায় আছে আরো ছয় জনের নাম।
হলমার্ক ছাড়া বাকি পাঁচটি প্রতিষ্ঠান হলো ডিএন স্পোর্টস, প্যারাগন গ্রুপ, খান জাহান আলী স্যুয়েটার্স, টি অ্যান্ড ব্রাদার্স ও নকশি নিট কম্পোজিট।
এর মধ্যে ডিএন স্পোর্টসের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, এমডি শফিকুর রহমান জন এবং পরিচালক ফাহমিদা আক্তার চৌধুরী শিখাকে সকালে এবং হলমার্ক গ্রুপের চেয়াম্যান জেসমিন ইসলাম, এমডি তানভির মাহমুদ ও জিএম তুষার আহমেদকে বিকালে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওই অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত কয়েক দিন ধরে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছেরের নাম আসে। এসব প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টার হস্তক্ষেপেই হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে টাকা সরিয়েছে।
গত বুধবার দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার কর্মকর্তা সাইদুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, উপদেষ্টা মোদাচ্ছের আলী প্রায়ই ওই শাখায় যাতায়াত করতেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষ হলে স্বাস্থ্য উপদেষ্টাকে তলব করা হবে বলে জানান দুদক কমিশনার বদিউজ্জামান।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুদকের তদন্তে এখন পর্যন্ত শুধু অর্থ অপসারণের আলামত পাওয়া গেছে; অর্থ পাচারের কোনো প্রমাণ মেলেনি। তবে তদন্তে তেমন কিছু পাওয়া গেলে মুদ্রা পাচার আইনের আওতায় মামলা করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৬২০ ঘ.
bdnews24