২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওভারব্রিজের আশ্বাসে অবরোধমুক্ত শাহবাগ

সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা। তারা বেলা পৌনে ১২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে আশেপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় ব্যাপক যানজট। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ওই স্থানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা পৌনে ২টার দিকে অবরোধ তুলে নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের ছাত্র তৌহিদুজ্জামান গত ২৮ অগাস্ট শাহবাগ মোড়ে বাসচাপায় নিহত হন। ওই দিনই ছাত্ররা বেশকিছু গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এরপর শনিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে পাঁচ দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের পাঁচ দফা দাবিগুলো হলো- দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বাস কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের শাহবাগ ও নিউমার্কেট মোড়ে আন্ডারপাস এবং দোয়েল চত্বর ও পলাশী মোড়সহ অন্যান্য মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্টিকারবিহীন গাড়ি চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করা। এসব দাবিতে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে কলা ভবনের সামনে জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল করে শাহবাগ মোড়ে যান এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। ফলে বেলা পৌনে ১২টার দিকে শাহবাগড় মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১টার দিকে প্রক্টর অধ্যাপক আমজাদ আলী শাহবাগ মোড়ে গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেও তারা জানায়, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছেন। আমরা সরে যেতে অনুরোধ করলেও তারা যাননি।” এরপর বেলা দেড়টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বলেন, আন্ডারপাস নির্মাণ সময়সাপেক্ষ। তবে শাহবাগ মোড়ে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য সোমবারই তারা কাজ শুরু করবেন। এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা পৌনে ২টার দিকে অবরোধ তুলে নিলে শাহবাগ দিয়ে আবার যান চলাচল শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ থানার ওসি (তদন্ত) মো. জলিল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪১২ ঘ.