ঝালকাঠী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম): কথিক বন্দুক যুদ্ধে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠীর লিমন হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার মামলাটির অভিযোগপত্র গ্রহণের শুনানি ১৭ অক্টোবর ধার্য্য করেছে ঝালকাঠীর একটি আদালত।
রোববার অসুস্থতার কারণে এ মামলার ধার্য্য তারিখে লিমন আদালতে হাজির হতে না পারায় নতুন দিন ধার্য করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী নাসিমুল হাসান নাসিম।
২০১১ সালের ২৩ মার্চ মাঠে গরু আনতে গেলে কথিত বন্দুক যুদ্ধে র্যাবের গুলিতে পা হারায় লিমন হোসেন।
এ ঘটনার দিন র্যাব বাদী হয়ে লিমনসহ ৮জনকে আসামি করে রাজাপুর থানায় অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করে।
মামলা দুটিতেই রাজাপুর থানা পুলিশ লিমনসহ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিয়েছে।
র্যাবের করা সরকারি কাজে বাধা দেয়ার এ মামলায় পুলিশ লিমনকে অভিযুক্ত করে গত ১ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দেয়।
অপরদিকে র্যাবের বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগ এনে তার মা হেনোয়ারা বেগমের করা মামলাটিতে পুলিশ র্যাবকে নির্দোষ উল্লেখ করে আদালতে চূরান্ত প্রতিবেদন দিয়েছে। তবে এ প্রতিবেদনের বিরুদ্ধে হেনোয়ারা আদালতে না রাজির আবেদন করেছে।
লিমনের আইনজীবী নাসিমুল হাসান নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিমনের পক্ষে সময়ের জন্য আবেদন করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান তা মঞ্জুর করেন এবং অভিযোগপত্রটি পর্যালোচনার জন্য তারিখ ধার্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩১ ঘ.
bdnews24