ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে রোববার বৈঠক করবেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
শনিবার সন্ধ্যায় মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, “রোববার সকাল সাড়ে ৯টায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করবো। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।”
ভর্তি পরীক্ষা বাতিল করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তির ঘোষণার পর গেল মাসের দ্বিতীয় সপ্তাহে আন্দোলন শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
স্বাস্থ্যমন্ত্রীর ওই ঘোষণার পর পুরনো পদ্ধতিতে ভর্তি চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করেন ইউনূস আলী আকন্দ নামে এক অভিভাবক। ওই রিট আবেদনে গত ২৭ অগাস্ট হাই কোর্টের একটি বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। এখন অন্য বেঞ্চে এর শুনানি হবে।
বিষয়টি আদালতে গড়ানোয় মেডিকেলের ভর্তি পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে শনিবার এক অনুষ্ঠানে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, মামলা প্রত্যাহার না করায় ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করা যাচ্ছে না।
এদিকে ‘মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নাগরিক সমাবেশ করে তারা।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তাদের আপত্তি নেই। তবে সেই আলোচনা প্রকাশ্যে হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/১৯২৬ ঘ.
bdnews24