ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষয়টি আদালতে গড়ানোয় মেডিকেলের ভর্তি পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
তিনি শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, “আমি আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, এই মুহূর্তে আমি কিছু করতে পারব না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন, যার মুখে চলতি বছর মেডিকেল ও ডেন্টালে এই বছর পরীক্ষা না নিয়ে জিপিএ’র ভিত্তিতে ভর্তির কথা শুনে আন্দোলনে নামে ভর্তিচ্ছুরা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। তবে তার আগে মামলাটি প্রত্যাহার করতে হবে।
“আমাকে তো হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলা হচ্ছে,” বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পর পুরনো পদ্ধতিতে ভর্তি চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করেন ইউনূস আলী আকন্দ নামে এক অভিভাবক। ওই রিট আবেদনে গত ২৭ অগাস্ট হাই কোর্টের একটি বেঞ্চ বিভক্ত আদেশ দেয়। এখন অন্য বেঞ্চে এর শুনানি হবে।
এদিকে ‘মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নাগরিক সমাবেশ করে তারা।
সমাবেশ থেকে আন্দোলনকারীরা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তাদের আপত্তি নেই। তবে সেই আলোচনা প্রকাশ্যে হতে হবে।
সমাবেশে বক্তব্য রেখে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, প্রকৌশলী এনামুল হক প্রমুখ।
আবুল মকসুদ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে মধ্যস্থতার আশ্বাস দেন।
অন্যদিকে ভর্তিপরীক্ষার না নেওয়ার সরকারি সিদ্ধান্ত স্বাগত জানিয়ে শনিবার তোপখানা এলাকায় মিছিল করে ভর্তিচ্ছু আরেকদল শিক্ষার্থী। তারা ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছে।
এতদিন মেডিকেল ও ডেন্টালে ভর্তিতে পরীক্ষা হলেও স্বাস্থ্যমন্ত্রী গত মাসের দ্বিতীয় সপ্তাহে জানান, এবার থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পরদিনই ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, দিনাজপুর, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয়।
আন্দোলনকারীরা বলছেন, শেষ সময়ে এসে ভর্তি পরীক্ষা হবে না জানানোয় তাদের শিক্ষাজীবন সঙ্কটে পড়েছে। কারণ অনেকে শুধু মেডিকেলে ভর্তির প্রস্তুতিই নিচ্ছিলেন।
ভর্তিচ্ছুরা ঈদের আগে ১৩ ও ১৪ অগাস্ট টানা দুই দিন কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেসক্লাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ দেখালে রাজধানীজুড়ে তৈরি হয় যানজট।
ঈদের পরও মানবন্ধন, অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রেখেছে ওই শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24