২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জড়িত’ ডা. নারায়ণের গাড়িচালকও

হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার একজনের দাবি, চিকিৎসক নেতার গাড়িচালক তাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোহিতা করেন। ওই গাড়িচালক এখন লাপাত্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 06:02 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতিতে চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাইয়ের গাড়িচালক জড়িত ছিলেন বলে দাবি করেছেন হত্যাকাণ্ডে গ্রেপ্তার একজন। নারায়ণ হত্যাকাণ্ডে গ্রেপ্তার মাসুম মিন্টু শনিবার পুলিশ হেফাজতে সাংবাদিকদের বলেন, “ডা. নারায়ণের বাসায় জমি বিক্রির ২০ লাখ টাকা ও ১০০ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে বলে তার গাড়িচালক জানায়।” এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চালককে পেলেই আসল রহস্য জানা যাবে। তবে খুন হয়েছে এবং যারা খুন করেছে, পুলিশ তাদের গ্রেপ্তারও করেছে।” “খুনের পেছনে কী রয়েছে, তা-ও বেরিয়ে আসবে,” বলেন তিনি। গাড়িচালক কামরুল হাসান অরুণ হত্যাকাণ্ডের পরদিন থেকে লাপাত্তা বলে জানান ডা. নারায়ণের স্ত্রী লাকী দত্ত। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ১১ নভেম্বর অরুণকে চাকরি দেওয়া হয়। ঈদের আগে অরুণ বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেয়। তবে হত্যাকাণ্ডের দিন ঢাকায় ছিলেন। “লাশের সঙ্গে গাড়ি চালিয়ে অরুণ চট্টগ্রাম গিয়েছিল। কিন্তু চট্টগ্রাম গাড়ি রেখে ঢাকায় আসার পর আর তাকে পাওয়া যায়নি,” বলেন ডা. লাকী। গত ২৩ অগাস্ট ভোররাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক ভবনে খুন হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য নারায়ণ। ওই রাতে নারায়ণের দোতলা বাড়িতে শুধু তার অশীতিপর মা ছিলেন। লাকি দত্ত ছিলেন চট্টগ্রামে। গোয়েন্দা কর্মকর্তারা দাবি করে আসছেন, ডাকাতিতে বাধা দেওয়ায় খুন হন এই চিকিৎসক নেতা। তবে নারায়ণ পরিবারের দাবি, বক্ষব্যাধি হাসপাতালে নিয়োগও এর পেছনে কাজ করতে পারে। নারায়ণ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এর আগে চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের একজন ফয়সল গত ২৫ অগাস্ট পুলিশ হেফাজতে সাংবাদিকদের বলেছিলেন, তারা সাতজন ডাকাতি করতে গিয়েছিলেন। ঘুমন্ত নারায়ণ জেগে ওঠায় তাকে ছুরিকাঘাত করে মিন্টু। সিলেটে বাদাম বাগিচার সেতু বন্ধন এলাকা এক বাসা থেকে মিন্টুকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। শনিবার মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের সামনে আনা হয় তাকে। নিজেকে পেশাদার চোর উল্লেখ করে মিন্টু বলেন, তিনি কামরাঙ্গীর চর থাকেন। সাইদ ও বকুল নামে দুজন তাকে ডা. নারায়ণের বাড়িতে চুরি করতে নিয়ে যায়। “দোতলার গ্রিল ভেঙে বাসায় ঢোকার পর ডা. নারায়ণ ঘুম থেকে জেগে ওঠে এবং চিৎকার করতে থাকে। তখন প্রথমে আমি তার বুকে আঘাত করি। পরে বকুলও আঘাত করে,” বলেন তিনি। চুরির দায়ে এর আগেও কয়েকবার পুলিশের হাতে ধরা পড়ার কথা স্বীকার করেন মিন্টু। পেশাদার চোর হলেও মাঝে চাঁদনী চকে ওড়না হাউস নামের একটি দোকানে চাকরি করতেন বলেও তিনি জানান। মিন্টুর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গয়েশপুর গ্রামে। মিন্টুর আগে ফয়সল (৩২) ছাড়াও পেদা মাসুদ (২৮), সাইদুল (৩৮) ও পিচ্চি কালামকে (৩৫) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর মিন্টুকে গ্রেপ্তার করা হল। নারায়ণ হত্যাকাণ্ডের পর তার বাবা তড়িৎ কান্তি দত্ত বনানী থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় মিন্টুকে নিয়ে পাঁচজন গ্রেপ্তার হলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা নারায়ণ খুন হওয়ার পর সারাদেশে চিকিৎসকরা দুদিন কর্মবিরতিসহ বিক্ষোভের কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমডি/এমআই/১৫৩৫ ঘ.