চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্রকে কেন্দ্র করে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বন্দর রক্ষা আন্দোলনের বিরোধিতা করলেন সরকারদলীয় সাংসদ এম এ লতিফ।
শুক্রবার বিকালে পোর্ট ইউজার্স ফোরামের এক সভায় চট্টগ্রাম-১০ আসনের এই আওয়ামী লীগ সাংসদ মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনের সমালোচনা করে বলেন, “অচলের কোনো কর্মসূচি বন্দর ব্যবহারকারীরা মেনে নেবে না।”
তিনি অভিযোগ করেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্রকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
মহিউদ্দিন চৌধুরী সবার কাছে শ্রদ্ধার পাত্র উল্লেখ করে লতিফ বলেন, “আমাদের বললে আমরা যেতাম। কিন্তু উনার সাথে যারা আছেন তারা সবাই স্বার্থান্বেষী।”
তিনি মহিউদ্দিনকে এই আন্দোলন থেকে সরে আসার অনুরোধ ও আলোচনার আহ্বান জানান।
“আপনি (মহিউদ্দিন) বর্তমান সরকারের একজন দায়িত্বশীল মানুষ। দেশের জন্য অনেক অবদান রেখেছেন। কোনো ভিত্তিহীন আন্দোলনে আপনাকে সাজে না। আপনি অবুঝ হলে কথা ছিল। আপনি পুরনো অভিজ্ঞ মানুষ। দেশের অর্থনীতির ক্ষতি হয় এমন কিছু করবেন না।”
আন্দোলনের নামে বন্দরে কোনো ধরনের ‘বিশৃঙ্খলা’ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করে দেন লতিফ।
বন্দরকে যাতে কেউ ধ্বংস করতে না পারে সেজন্য ব্যবহারকারীরা সোচ্চার থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ দাবি করে সরকারদলীয় এই সাংসদ বলেন, বন্দরে যদি কোনো সমস্যা থেকে থাকে তা ব্যবহারকারীরা তা ভালো বলতে পারবেন।
মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি লতিফ বলেন, “স্বার্থ হাসিলের জন্যই একটি পক্ষ আপনাকে, আমাদের দলকে ঢাল হিসেবে ব্যবহার করছে।”
এছাড়া বন্দরের এনসিটি’র দরপত্রের সাথে মহিউদ্দিন চৌধুরী সম্পৃক্ত নয় উল্লেখ করে লতিফ বলেন, “এসব নিয়ে আন্দোলন আপনার সাজে না। বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন ট্রেডবডি আছে এসব নিয়ে কথা বলার জন্য।”
চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম।
সভার সভাপতিসহ অন্যান্য প্রায় সব বক্তাই বন্দর নিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যের সমালোচনা করেন এবং তাকে বন্দর সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে আলোচনার অনুরোধ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহজবুবুল আলম, সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কে এম আখতার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলুসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম তার সূচনা বক্তব্যে বলেন, হঠাৎ করে জন্ম নেয়া বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, যা বন্দর ব্যবহারকারীদের শঙ্কিত করে তুলেছে।
তিনি বলেন, “এ মহলটি সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করছে যা দুঃখজনক।”
বিজিএমইএ নেতা নাসির উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতা দিনদিন বাড়ছে। বন্দর ব্যবহারকারী হিসেবে আমরা তা ধরে রাখার প্রত্যাশা করি।
এতে সরকারি ও বিরোধীদলের সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, বন্দরের স্বাভাবিক কার্যক্রমের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা মেনে নেওয়া হবে না।
এনসিটিতে বেসরকারি অপারেটর নিয়োগের দরপত্রে ‘অনিয়মের’ অভিযোগ এনে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী গত ২৮ অগাস্ট সংবাদ সম্মেলন করে বন্দর রক্ষা পরিষদের ব্যানারে আন্দোলনের ডাক দেন।
তার অভিযোগ, সাইফ পাওয়ার টেক নামে একটি দেশীয় কোম্পানিকে কাজ পাইয়ে দিতে ‘মাফিয়া চক্র’ দরপত্রের শর্ত শিথিল করেছে।
এজন্য তিনি বৃহস্পতিবার এনসিটি’র অপারেটর নিয়োগের দরপত্র প্রক্রিয়া স্থগিতের দাবিও জানিয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ছয়টি প্রাকবাছাই প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি তাদের দরপত্র জমা দেয়।
এর প্রতিবাদে বিকালে মহিউদ্দিনের নেতৃত্বে বন্দর রক্ষা পরিষদ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে বন্দর কর্মচারীরা ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্যও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০০৭ ঘ.
bdnews24