আশিক হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উড়োজাহাজ ভাড়া করতে না পারায় হজের সময় বিমানের নিয়মিত অন্য ফ্লাইটগুলোর ঠিক রাখা যাবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ভাড়া করতে না পেরে নিজস্ব উড়োজাহাজ দিয়ে অর্ধলক্ষাধিক হজযাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর এই কারণেই দেখা দিয়েছে এই শঙ্কা।
ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হজ ফ্লাইট চলবে। হজের মৌসুমে যে নিয়মিত ফ্লাইটগুলোতে কাটছাঁট করতে হবে, তা বিমান কর্তৃপক্ষই স্বীকার করছে।
উড়োজাহাজ ভাড়া না পাওয়ার বিষয়টি জানিয়ে বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক্ষেত্রে নিয়মিত ফ্লাইটে কিছুটা কাটছাঁট করা হতে পারে।”
তবে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।
বিমান সংশ্লিষ্টরা বলছেন, কাটছাঁটের পরও যদি আবহাওয়া সংক্রান্ত বা অন্য কোনো কারণে কোনো ফ্লাইট বাতিল হয়, তবে ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।
এ বিষয়ে বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ (নিজস্ব উড়োজাহাজে হজযাত্রী পরিবহন) সিদ্ধান্তের কারণে ভয়াবহতম শিডিউল বিপর্যয়ে পড়তে যাচ্ছে বিমান।
“ইতোমধ্যে দিল্লি, লন্ডন, মিলানসহ বেশ কয়েকটি দেশের ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিট করতে গিয়েও করতে পারছেন না। ভবিষ্যতে এ পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।”
এজন্য আগে থেকে পরিকল্পনা ঠিক করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন কাজী ওয়াহেদ।
বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হজ যাত্রী পরিবহনের জন্য পাঁচশরও বেশি যাত্রী ধারণে সক্ষম তিনটি উড়োজাহাজ ভাড়ায় আনার পরিকল্পনা ছিল। এর মধ্যে এভিকো এয়ারলাইন্স থেকে একটি বোয়িং উড়োজাহাজ ভাড়া করা হলেও বাকি দুটি আনা সম্ভব হয়নি।
ভাড়ায় উড়োজাহাজ না পাওয়ায় বিমানের নিজস্ব দুটি বোয়িং হজযাত্রী পরিবহনে কাজে লাগানো হবে।
হজযাত্রী পরিবহনকে গুরুত্ব দেওয়ায় নিয়মিত ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিশৃঙ্খলা কোনোভাবেই এড়ানো যাবে না, স্বীকার করেন এই বিমান কর্মকর্তা।
তবে সঙ্কট এড়িয়ে নিয়মিত ফ্লাইটসূচি ঠিক রাখতে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে ছোট উড়োজাহাজগুলো ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।
বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহেদ ফ্লাইটসূচি বিপর্যয়ের সুদূরপ্রসারী প্রভাবের কথা তুলে ধরে তা নিয়েও বিমানকে সতর্ক করেছেন। তার মতে, এতে ওই সব রুটে নিজস্ব যাত্রী হারাবে বিমান।
“হজ মৌসুম মাত্র দু মাসের। কিন্তু এই সমস্যা একটি দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তার করবে, যার কারণে বিমানকে ভবিষ্যতে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে হবে,” বলেন তিনি।
হজ যাত্রী পরিবহনের জন্য তৃতীয় বিমান সংস্থা (থার্ড কেরিয়ার) অন্তর্ভুক্ত করলে সমূহ বিপর্যয় এড়ানো যেত বলে মনে করেন কাজী ওয়াহেদ।
এবছর হজ যাত্রী পরিবহনের জন্য সৌদি আরবের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং সৌদি আরবেরই আরেক সংস্থা নাস এয়ার বাংলাদেশ থেকে হজযাত্রী আনা-নেওয়া করবে।
চুক্তি অনুসারে এই বছর কোনো তৃতীয় বিমান সংস্থা হজযাত্রী পরিবহন করবে না।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজে যাবেন। এর মধ্যে ৫৬ হাজার ৬০০ যাত্রী পরিবহন করবে বিমান।
এই তিন সংস্থার মাধ্যমে হজযাত্রী পরিবহনের পরিকল্পনা চূড়ান্ত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১২ অগাস্ট ফ্লাইটসূচিও প্রকাশ করেছে।
আগামী ১৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ৫৮২ জন যাত্রী নিয়ে প্রথম হজফ্লাইট রওনা হবে। হজযাত্রী নেওয়া চলবে ২২ অক্টোবর পর্যন্ত। হাজিদের নিয়ে ন ফিরতি ফ্লাইট শুরু হবে ১ নভেম্বর, সর্বশেষ ফ্লাইট আসবে ২৯ নভেম্বর।
বিমান কর্মকর্তারা জানান, বর্তমানে বিমানের বহরে থাকা একটি ডিসি-১০, একটি এয়ারবাস, দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ইজারায় আনা দুটি বোয়িং ৭৩৭ ও একটি বোয়িং ৭৪৭ দিয়ে নিয়মিত যাত্রী পরিবহন চলছে।
বিমান প্রতি সপ্তাহে কলকাতায় ৭টি, কাঠমান্ডুতে ৭টি, দিল্লিতে ২টি, করাচিতে ২টি, লন্ডনে ৩টি, ম্যানচেস্টারে ২টি, রোমে ১টি, মিলানে ১টি, ব্যাংককে ৪টি, সিঙ্গাপুরে ৬টি, হংকংয়ে ২টি, কুয়ালালামপুরে ৭টি, রিয়াদে ৫টি, জেদ্দায় ৫টি, দাম্মামে ৩টি, দুবাইয়ে ৭টি, দোহায় ২টি, আবুধাবীতে ৫টি, মাস্কাটে ৪টি ও কুয়েতে ৪টি ফ্লাইট পরিচালনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১১২৫ ঘ.
bdnews24